যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুই শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
সোমবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম আলজাজিরা।
এর আগে, গতকাল রোববার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল।
আল-আকসা হাসপাতাল সূত্রে জানা গেছে, এই হামলায় এক দম্পতি ও তাদের ১০ বছর বয়সি ছেলে নিহত হয়েছে। নিহত ওই নারী যমজ সন্তানের মা হতে যাচ্ছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
এছাড়া পার্শ্ববর্তী বাড়ির ১৫ বছর বয়সি এক কিশোরও এই হামলায় প্রাণ হারায়। কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
অন্যদিকে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাওয়াইদা শহরের প্রবেশপথে টহলরত একটি পুলিশ ভ্যানে পৃথক আরেকটি বিমান হামলা চালায় ইসরায়েল।
এতে ৯ জন পুলিশ কর্মকর্তা নিহত হন, যাদের মধ্যে মধ্য গাজার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কর্নেল ইয়াদ আব ইউসুফ রয়েছেন।
মন্ত্রণালয় এই ঘটনাকে জঘন্য অপরাধ হিসেবে অভিহিত করে বলেছে, নিহত কর্মকর্তারা পবিত্র রমজান মাসে বাজার তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
আল-আকসা হাসপাতাল কর্তৃপক্ষ ৯ পুলিশ কর্মকর্তার মরদেহ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, হামলায় আরও ১৪ জন আহত হয়েছেন।
গাজা স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ৬৫০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এই হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।