ওমান উপসাগরের হরমুজ প্রণালীতে পালাউর পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার স্কাইলাইটে ইরানের হামলায় দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন বিহারের বেতিয়ার বাসিন্দা ক্যাপ্টেন আশিশ কুমার এবং রাজস্থানের নাগাউরের বাসিন্দা ক্রু সদস্য দলিপ সিং।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওমানের মুসান্দাম উপদ্বীপের কাছে এই হামলাটি চালানো হয়। এর ঠিক আগেই দেশটির দুকুম বন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল।
ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, আক্রান্ত ট্যাঙ্কারটিতে মোট ২০ জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি নাগরিক। বাকি সদস্যদের উদ্ধার করা সম্ভব হলেও ক্যাপ্টেন আশিশ এবং দলিপ সিং প্রাণ হারান।
সরকারি তথ্য অনুযায়ী, হামলায় জাহাজটিতে আগুন ধরে যায় এবং নিহতদের দেহ দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ক্যাপ্টেন আশিশের দেহ তার কেবিন থেকেই উদ্ধার করা হয়েছে।
আশিশ কুমারের পরিবার গত রবিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হামলার খবর পেলেও গতকাল রাতে শিপিং কোম্পানির পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।