রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তির নিহতের ঘটনায় মূল অভিযুক্ত সিয়ামকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কাঠালবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অস্ত্র ও রক্তমাখা পোশাকও জব্দ করা হয়।
এর আগে বুধবার রাতে নিজ বাসার সামনে ছুরিকাঘাতে হত্যার শিকার হয় রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী বিন্তি। সে হাজারীবাগের হায়দার আলী হোটেলের পাশে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক তরুণের সঙ্গে হেঁটে যাচ্ছিল বিন্তি। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পরই পরিস্থিতি বদলে যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, রক্তমাখা ছুরি হাত দিয়ে মুছছে সেই তরুণ। একই সঙ্গে শোনা যায় এক কিশোরীর আর্তচিৎকার।
ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় জীবন বাঁচানোর চেষ্টা করে পাশের বাসার এক নারীর গায়ে ঢলে পড়েন বিন্তি। শেষ শক্তি দিয়ে হামলাকারীর নাম বলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ওই নারী জানান, বিন্তিকে জড়িয়ে ধরলে সে বলে- সিয়াম ছুরি দিয়ে আঘাত করেছে।
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে প্রায় এক ঘণ্টা পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিন্তির বাবার অভিযোগ, একই স্কুলের এক শিক্ষার্থী তাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছিল। তিনি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।